সৈয়দ বোরহান কবির বিপ্লব, রংপুর: দেশের জনপ্রিয় সংগীতভিত্তিক প্রতিযোগিতা বাংলার সারে গামা-র তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন রংপুর বিভাগের প্রতিভাবান ব্যান্ড তারকা আরজুমানারা রুমি। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে একের পর এক ধাপ পেরিয়ে তিনি এখন প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ তৃতীয় রাউন্ডে অবস্থান করছেন।
গত ১০ ও ১১ জুলাই রংপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘বাংলার সারে গামা’র অডিশনে অংশ নেন রুমি। অডিশনে নিজের কণ্ঠ ও সংগীত প্রতিভার মাধ্যমে বিচারকদের মন জয় করে তিনি অর্জন করেন কাঙ্ক্ষিত ‘ইয়েস কার্ড’। এরপর প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে তৃতীয় রাউন্ডে পৌঁছান তিনি।রংপুর বিভাগের সংগীতাঙ্গনে পরিচিত মুখ আরজু মানারা রুমি দীর্ঘদিন ধরে ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত। নিজের স্বতন্ত্র গায়কী, মঞ্চ পরিবেশনা ও সংগীতের প্রতি ভালোবাসার মাধ্যমে তিনি ইতোমধ্যে স্থানীয় শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।
‘বাংলার সারে গামা’র মতো বড় একটি সংগীত প্রতিযোগিতায় রংপুরের প্রতিনিধিত্ব করে তৃতীয় রাউন্ডে ওঠায় উচ্ছ্বসিত রুমির সহকর্মী, সংগীতপ্রেমী ও ভক্তরা। তার এই সাফল্যে রংপুরের সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে আনন্দের আবহ।
রুমি বলেন, “সংগীত আমার ভালোবাসা ও স্বপ্ন। ‘বাংলার সারে গামা’র মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরতে পারা আমার জন্য বড় একটি সুযোগ। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে সামনে আরও ভালো করতে চাই।”
রুমির এই পথচলায় রংপুরবাসীসহ দেশের সংগীতপ্রেমীদের শুভকামনা তার সঙ্গে রয়েছে। তৃতীয় রাউন্ডের পরবর্তী ধাপগুলোতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে রংপুরের নাম আরও উজ্জ্বল করবেন এমন প্রত্যাশা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।






















