বাংলাদেশের বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, এগ্রি-বিজনেস, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস ও ভোগ্যপণ্য খাতে বিপুল বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: এ স্ট্র্যাটেজিক পার্টনার ইন দ্য গ্লোবাল ইকোনমি’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের বাজারের সম্ভাবনার কথা তুলে ধরেন মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এফবিসিসিআই।
বাংলাদেশকে এশিয়ার অন্যতম উদীয়মান ও গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উল্লেখ করে অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বলেন, দেশটি টেকসই প্রবৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে।
মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জানান, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। ২০২৫ সালে দুই পক্ষের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো।
সেমিনারে বাংলাদেশে সবুজ বিনিয়োগের (গ্রিন ইনভেস্টমেন্ট) সম্ভাবনার কথা তুলে ধরেন মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো। তিনি বলেন, ২০১৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশে গ্রিন বিল্ডিং, পরিবহন, ক্লাইমেট-স্মার্ট কৃষি, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে প্রায় ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগের সুযোগ রয়েছে।
এ সময় বাংলাদেশের অর্থনীতির জন্য রপ্তানি বহুমুখীকরণকে বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট।
সেমিনারে ইউরোপের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। তিনি বলেন, বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও অবকাঠামো খাতে বিনিয়োগকারীদের বিনামূল্যে জমি দেওয়ার মতো বড় সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প থেকে সরকার নির্দিষ্ট মূল্যে বিদ্যুৎ কিনতে পারবে।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও বিনিয়োগের মাধ্যমে লাভের সুযোগ ও সম্ভাবনা অনেক বেশি বলেও উল্লেখ করেন এফবিসিসিআইর প্রশাসক।
এ সময় তিনি মাদ্রিদ চেম্বার অব কমার্সের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর প্রেক্ষিতে মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট জানান, আগামী নভেম্বর নাগাদ একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে।
মাদ্রিদ চেম্বার অব কমার্স আয়োজিত ওই সেমিনারে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান। এতে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউরোচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ, আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক পাবলো আরাউজো, মলিন্স-এর এশিয়া ও আফ্রিকার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তারেক এলবা এবং রিকভার-এর সাস্টেইনেবিলিটি বিভাগের গ্লোবাল ডিরেক্টর আনা রোডেস।
সেমিনারে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরেন, ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রোচি এবং বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানের সমাপনী অংশে বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ীদের মধ্যে একটি বিটুবি নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীরসহ স্পেনে সফররত এফবিসিসিআইর ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্য, মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রতিনিধি, ইউরোচ্যাম বাংলাদেশের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, শিল্প-সংযোগ স্থাপন এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ১১ দিনের সফরে ইউরোপ গেছে এফবিসিসিআইর একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। ২৬ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক।






















