নারায়ণগঞ্জের টানবাজারে একটি অনিবন্ধিত গোডাউনে অভিযান চালিয়ে ৮৭ হাজার ৩৯০ কেজি কর চালানপত্রবিহীন সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ। জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এনবিআর জানায়, বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার জিমখানা এলাকার টানবাজারে এস আর ট্রেডের গোডাউনে এ অভিযান চালানো হয়।
অভিযানে চীন, মালয়েশিয়া ও ভিয়েতনামের তৈরি পলিয়েস্টার ও নাইলন ইয়ার্ন বা সুতা পাওয়া যায় ৭৭ হাজার ৩৯০ কেজি। পাশাপাশি কর চালানপত্রবিহীন ১০ হাজার কেজি স্থানীয় সুতা জব্দ করা হয়।
এনবিআর জানায়, এস আর ট্রেডের স্বত্বাধিকারী রাজীব সাহার গোডাউনটি অনিবন্ধিত। জব্দ করা সুতার বিপরীতে প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে এরইমধ্যে আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।












