বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক, ১৪৩৩

‘কেন এই শিরশ্ছেদ?’ সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে শ্রীলেখা

ধর্মের নামে মানুষের স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের খবরের প্রসঙ্গ টেনে ভালোবাসাকে সব ধর্মের ঊর্ধ্বে স্থান দিয়েছেন তিনি। তার মতে, মানুষের জীবনের চেয়ে বড় কোনো ধর্ম হতে পারে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের ভাবনার কথা তুলে ধরেন শ্রীলেখা। সেখানে প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির সঙ্গে ধর্মের নামে মানুষের ওপর নির্যাতনের বৈপরীত্য তুলে ধরে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।

শ্রীলেখা লেখেন, ‘আমরা এআই ব্যবহার করছি, চ্যাটজিপিটি ব্যবহার করছি, রোবট তৈরি করছি, প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করছি। অথচ আজও ধর্মের নামে মানুষের ভালোবাসা, স্বাধীনতা, এমনকি বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে!’

সৌদি আরবে একটি মসজিদে চুম্বন করার অপরাধে দুই ব্যক্তির শিরশ্ছেদের খবরকে ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই। সব ধর্মের মূল কথাই ভালোবাসা বলেও বিশ্বাস করেন এই অভিনেত্রী।

ধর্মের নামে ভয়, ঘৃণা ও হিংসা ছড়ানোর সমালোচনা করে শ্রীলেখা বলেন, ইসলাম, হিন্দুধর্ম কিংবা খ্রিষ্টধর্ম- যে কোনো ধর্মের নামেই মৌলবাদ ও ধর্মীয় উন্মাদনা তার কাছে সমান ঘৃণ্য।

স্ট্যাটাসে তিনি আরও প্রশ্ন তোলেন, ভালোবাসার জন্য কেন দুজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে? নিজের মতপ্রকাশের জন্য কেন তরুণ-তরুণীদের প্রাণ দিতে হবে? সৌদি আরব, ইরান কিংবা পৃথিবীর অন্য কোথাও মানুষের স্বাধীনতা ও জীবনের অধিকার লঙ্ঘিত হলে প্রতিবাদ কি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্টেই সীমাবদ্ধ থাকবে?

শ্রীলেখার প্রশ্ন, ‘আজও কেন ভালোবাসার জন্য দু’টি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে? কেন নিজের মতপ্রকাশের জন্য তরুণ-তরুণীদের প্রাণ দিতে হবে? সৌদি আরব, ইরান কিংবা পৃথিবীর অন্য কোথাও মানুষের স্বাধীনতা ও জীবনের অধিকার লঙ্ঘিত হলে আমাদের প্রতিবাদ কি শুধু সোশ্যাল মিডিয়ার কয়েকটি পোস্টেই সীমাবদ্ধ থাকবে? আমি জানি না। এসব ঘটনা আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। অন্য অনেকের মতো সহজে সবকিছু ভুলে স্বাভাবিক হয়ে উঠতে পারি না। হয়তো আমি একজন old soul। আর পুরোনো আত্মাদের পৃথিবীর এই নিষ্ঠুরতা একটু বেশিই যন্ত্রণা দেয়।’

স্ট্যাটাসের শেষাংশে শ্রীলেখা আবারও মানুষের জীবনের গুরুত্ব তুলে ধরেন। তার বক্তব্য, ধর্মের পরিচয় যা-ই হোক, মানুষের জীবন ও ভালোবাসার চেয়ে বড় কিছু হতে পারে না।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন