ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ডাক বিভাগ হতে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা হয়েছে। এদিন ২৭টি পোস্টাল ব্যালট গ্রহণ করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, আমরা সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ডাক বিভাগ হতে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা শুরু করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেলে এ কার্যক্রম চলবে। এবারের নির্বাচনে কোনো রকম এদিক সেদিক করার সুযোগ নেই।
এদিকে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের ২৪ হাজার ১৪৭ জন ভোটার নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হুসাইন ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান।




















