সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

মৌসুমীর জন্মদিনে ওমর সানীর অদ্ভুত আবদার, চাইলেন ১০ লাখ!

স্ত্রী মৌসুমীর জন্মদিনকে ঘিরে বরাবরই উচ্ছ্বসিত চিত্রনায়ক ওমর সানী। গত বছর ভক্তদের সঙ্গে নিয়ে স্ত্রীর জন্মদিন উদযাপন করেছিলেন তিনি। এবারও জন্মদিনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই অভিনেতা।

তবে এবারের আয়োজনটা হতে যাচ্ছে একটু ভিন্ন। মৌসুমীর জন্মদিনের দিনই নিজের ফেসবুক আইডির অনুসারীর সংখ্যা ১০ লাখে পৌঁছাতে চান ওমর সানী। এ জন্য বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

আগামীকাল ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। বিশেষ এই দিনটির আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘১ মিলিয়ন, ইনশাআল্লাহ আর কয়েকটা দিন বাকি। আগামীকাল মৌসুমীর জন্মদিন। সবাই মিলে কালকেও করতে পারেন ওয়ান মিলিয়ন আমার এই আইডির। মাই প্লেজার।’

গেল কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মৌসুমী। ওমর সানী আছেন দেশেই। দুজনের চোখের দেখা না হলেও ভালোবাসার কমতি নেই এক রতি।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আরিফা জামান মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন তিনি। এবার ৫৩ বছরে পা রাখবেন এই অভিনেত্রী।

নব্বইয়ের দশকে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌসুমীর। ছবিতে তার বিপরীতে ছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি।

মৌসুমীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘মাতৃত্ব’, ‘দেবদাস’, ‘বিশ্বপ্রেমিক’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘মেঘলা আকাশ’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘খায়রুন সুন্দরী’ ও ‘মোল্লাবাড়ির বউ’। অভিনয়ের পাশাপাশি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহেরনিগার’ নামে দুটি সিনেমা পরিচালনাও করেছেন তিনি।

১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী। দীর্ঘ দাম্পত্য জীবনে দুজনই দেশের চলচ্চিত্র অঙ্গনে পরিচিত মুখ। স্ত্রীর জন্মদিন ঘিরে ওমর সানীর এবারের ফেসবুক আবদার তাই নজর কেড়েছে ভক্তদের।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন