পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তার আদর্শ ও জীবনসংগ্রামে অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। এজন্য দরকার হলে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তিনি। তার এ সিদ্ধান্ত পাকিস্তানজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়মান সেলিম। তিনি দেশটির সাবেক ক্রিকেটার সেলিম ইউসুফের মেয়ে। আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি)। তাকে রাজনীতিতে আসতে প্রেরণা জুগিয়েছে বেনজিরের আদর্শ।
করাচিতে পিপিপির সিন্ধু প্রদেশের সভাপতি নিসার আহমেদ খুহরোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক যাত্রার কথা জানান আয়মান। তিনি বলেন, ছোটবেলা থেকেই বেনজির ভুট্টোকে নিজের অনুপ্রেরণা হিসেবে দেখে আসছেন। তার মতে, বেনজিরের জীবন ও সংগ্রাম বহু মেয়েকেই অনুপ্রাণিত করেছে।
আয়মান বলেন, মাত্র ৩৫ বছর বয়সে মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী সরকারপ্রধান হয়েছিলেন বেনজির। নির্বাসন, কারাবাস ও নানা হুমকির মুখেও তিনি দেশে ফিরেছিলেন, কারণ নিজের নিরাপত্তার চেয়ে জনগণকে বেশি গুরুত্ব দিয়েছিলেন।
বেনজিরের জীবন থেকে পাওয়া শিক্ষা তুলে ধরে আয়মান বলেন, কোনো মেয়ের স্বপ্নই ছোট নয় এবং স্বপ্ন দেখার ক্ষেত্রে লিঙ্গ কোনো বাধা হতে পারে না।
রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কেবল রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখতে চান না আয়মান। তার ভাষায়, এটি তার কাছে একটি প্রতিশ্রুতি। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি। দলের পক্ষ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের সেবা করতে চান তিনি।
সংবাদ সম্মেলনে নিজের পারিবারিক পরিচয়ের কথাও উল্লেখ করেন আয়মান। তার বাবা সেলিম ইউসুফ এক দশকেরও বেশি সময় পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছেন। আয়মানের ভাষ্য, দেশের প্রতি ভালোবাসা তার রক্তেই মিশে আছে। দীর্ঘদিন ধরেই দেশের জন্য কিছু করার ইচ্ছা ছিল তার।
পিপিপিতে যোগ দেওয়ার জন্য দলটির নেতৃত্ব, বিশেষ করে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।
আয়মান সেলিম এর আগে বিনিয়োগ ব্যাংকিং ও পরামর্শক হিসেবে নিউইয়র্কে কাজ করেন। পরে বিনোদনজগতে প্রবেশ করেন। ২০২১ সালে জনপ্রিয় নাটক ‘চুপকে চুপকে’ দিয়ে পরিচিতি পাওয়ার পর অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে আবার পর্দায় ফেরেন।






