বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক, ১৪৩৩

বাংলাদেশের মাদরাসা শিক্ষা সংস্কারে সহযোগিতা করবে মালয়েশিয়া

বাংলাদেশের মাদরাসা শিক্ষার যুগোপযোগী সংস্কারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)।

পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) সই হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে এ সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

‘ট্রান্সফরমেশন অব বাংলাদেশ মাদরাসা এডুকেশন: স্ট্র্যাটেজিক রিফর্ম ফ্রেমওয়ার্ক ইন লাইট অব মালয়েশিয়া এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইআইইউএমের ডেপুটি রেক্টর (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন) অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ এবং অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান আবদ রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বলেন, কোনো সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার করতে হলে প্রথমে শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও উন্নয়ন জরুরি। এজন্য শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম ও কোর্স কাঠামোয় সময়োপযোগী পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু তথ্য বিতরণ নয়। দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করাও শিক্ষার অন্যতম লক্ষ্য। বাংলাদেশের মাদরাসা শিক্ষার সংস্কারে পাঠ্যক্রম উন্নয়ন, কোর্স প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক শিক্ষণ পদ্ধতি, এআই, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক সুশাসন কাঠামো উন্নয়নে আইআইইউএম সহযোগিতা করতে প্রস্তুত।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসানাত মোহাম্মদ শামীম বলেন, মাদরাসা শিক্ষার আধুনিকায়নে বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতার উদ্যোগ প্রশংসনীয়। তবে অন্য দেশের শিক্ষাব্যবস্থা পুরোপুরি অনুসরণ করা উচিত নয়। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বতন্ত্র ও প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

এ সময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক প্রশিক্ষণ দিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন, মাদরাসা শিক্ষার গুণগত ও যুগোপযোগী সংস্কারে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বিশেষ করে পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সুশাসন কাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপাচার্য বলেন, শিক্ষকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানে পারদর্শী করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে তাদের আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও নেতৃত্বের দক্ষতা অর্জন এবং সমাজের চাহিদা পূরণে সক্ষম হতে হবে।

তিনি আরও বলেন, সেমিনারের আলোচনা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে বাংলাদেশের মাদরাসা শিক্ষা সংস্কারে বাস্তবসম্মত ও কার্যকর কৌশলগত রূপরেখা প্রণয়নের পথ তৈরি হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং আইআইইউএমের ডেপুটি রেক্টরের (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন) দপ্তরের স্পেশাল অফিসার ও কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ. কে. মুহাম্মদ নুরুল ইসলাম। সেমিনার সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রধান, শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১০৮টি অনার্স ও ২১টি আলিম মাদরাসার অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন