ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষকদের মধ্যে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। উপকূলীয় অঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় দুদিন ধরে একটানা বৃষ্টিপাত হওয়ায় কৃষিজমিতে পানি জমতে শুরু করেছে। জমিতে থাকা পাকা ধান বৃষ্টির পানিতে ভিজে নুয়ে পড়ছে। কেটে রাখা ধানও ভিজে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একটানা বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইলে জমিতে দাঁড়িয়ে থাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
ধানের পাশাপাশি বিঘার পর বিঘা জমিতে চাষ করা সর্ষে ও শীতকালীন বিভিন্ন ধরনের সবজিও ক্ষতির মুখে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষকদের দিন কাটছে দুশ্চিন্তায়। আবহাওয়া আরও খারাপ হওয়ার আগেই কীভাবে জমি থেকে পাকা ধান কেটে নিরাপদে বাড়িতে নিয়ে যাবেন, তা নিয়ে চিন্তিত তারা।
সময়মতো ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে কৃষকদের।
এ বিষয়ে কৃষক বাসুদেব দাস জানান, ঘূর্ণিঝড়ের কারণে পরিস্থিতি খুবই খারাপ। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান কাটবেন কীভাবে, কেটে বাড়িতে নিয়ে যাবেন কীভাবে, আর ধান শুকাবেনই বা কীভাবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
কিছু জমিতে ধান পেকে গেছে, আবার কিছু জমিতে ধান আধাপাকা অবস্থায় রয়েছে। এরই মধ্যে বৃষ্টির কারণে ধানগাছের গোড়ায় পানি জমে গেছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান ভেসে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন বলে জানান তিনি।
আরেক কৃষক বিশ্বনাথ মণ্ডল জানান, তারা প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছেন। কোনো কোনো ধানের জমিতে হাঁটুসমান পানি জমেছে, আবার কোথাও বৃষ্টির কারণে ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। বেশ কিছু জমিতে ধান কেটে রাখা হয়েছে। তবে বর্তমানে সেসব ধান তুলতে গেলে ধানের শিষ কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বছরের মতো ক্ষতি আগে কখনো হয়নি বলেও জানান তিনি।
বিশ্বনাথ মণ্ডল বলেন, এ বছর ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে সেই ধান ঘরে তুলতে পারছেন না তারা। ফলে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের।






