জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একা বা কথিত প্রেমিকের সঙ্গে থাকার সুযোগ দিলে সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ পর্যটন নিশ্চিতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের অংশগ্রহণে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
স্বপ্না বলেন, কক্সবাজারে ইদানিং দেখা যায় ছোট ছোট মেয়েরা প্রেমিকদের হাত ধরে হোটেলে আসে। তারা তো আন্ডার এজ (অপ্রাপ্ত বয়স্ক), তাদের এখনো একা হোটেলে থাকার বয়স হয়নি। আপনারা তাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ছাড়া অবস্থান করতে দেন, এটা আইনত বড় অপরাধ। এর ফলে নানা ধরণের অঘটন ঘটছে। কেউ পথে-ঘাটে প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরণের পরিস্থিতি কক্সবাজারে হতে দেওয়া যায় না। আপনাদের প্রতি অনুরোধ, কেউ মা-বাবার সঙ্গে এলে থাকতে পারবেন। তবে প্রেমিকের সঙ্গে এলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া থাকার অনুমতি দেওয়া যাবে না। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
সভায় পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, কুমিল্লার ওই ঘটনার সঙ্গে কক্সবাজারের নামও আলোচনায় এসেছে। নেতিবাচক প্রচারণার কারণে পর্যটকরা যেন কক্সবাজার বিমুখ না হন সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
জেলা প্রশাসক এম এ মান্নানের সভাপতিত্বে সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।








