বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুলসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় এসে জড়ো হয়।

এরপর শ্রমিকরা একযোগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে অবস্থান নিয়ে ওভারপাসসহ দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

শ্রমিকদের দাবি, বর্তমান প্রেক্ষাপটে যে টাকা বেতন পান সেই বেতন দিয়ে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লেও গার্মেন্টস শ্রমিকদের বেতন বেশ কয়েক বছর ধরে বাড়ছে না। তাই তারা বাধ্য হয়ে সড়কে নেমেছে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়।

এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়ক দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও বাস যাত্রীদের। যাত্রীরা পায়ে হেঁটে রাস্তা পারাপার হয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। আবার অনেকে এক ঘণ্টা ধরে বসে আছে গাড়ির মধ্যে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan