বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ, ১৪৩৩

এফবিসিসিআই নির্বাচনে জয়েন্ট চেম্বারের ভোটাধিকার চায় সিআইএস-বিসিসিআই

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনে জয়েন্ট চেম্বারগুলোকে ভোটাধিকার প্রদানের সুযোগ দেওয়ার জন্য প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই)।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির সভাপতি ও পরিচালনা পর্ষদের নেতারা। এসময় সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

সিআইএস-বিসিসিআইয়ের সভাপতি যাদব দেবনাথের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে সিআইএস-বিসিসিআই সভাপতি এফবিসিসিআইয়ের প্রশাসককে তার দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনার মাধ্যমে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অনুরোধ জানান।

এছাড়া তিনি এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়েন্ট চেম্বারগুলোকে ভোটাধিকার সুযোগ প্রদানের জন্য প্রশাসকের প্রতি অনুরোধ জানান, যাতে এফবিসিসিআইয়ের কার্যক্রম ও পরিচালনায় জয়েন্ট চেম্বারগুলোর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত হয়।

এছাড়াও, জয়েন্ট চেম্বারগুলোর চাঁদার হার কমানো এবং এফবিসিসিআইয়ে জয়েন্ট চেম্বারগুলোর ন্যায্য ও সমতাভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

এফবিসিসিআইয়ের প্রশাসক সিআইএস-বিসিসিআইয়ের এই উদ্যোগকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে সিআইএস-বিসিসিআইয়ের সভাপতি যাদব দেবনাথ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা, পরিচালক সালমা হোসেন এ্যাশ, মো. এনামুল হক ও খান মো. ইকবাল, উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু ও এম. এস. সিদ্দিকী এবং চেম্বারের উপসচিব মো. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan