বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১ চৈত্র, ১৪৩২

রাশিয়ার তেল না পাওয়ায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করলো হাঙ্গেরি

ড্রুজ্ববা পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার তেল না পেলে ইউক্রেনকে গ্যাস সরবরাহ করবে না হাঙ্গেরি। বুধবার (২৫ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এমন ঘোষণা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলছেন, যতক্ষণ পর্যন্ত ইউক্রেন রাশিয়ার তেল সরবরাহ সচল না করবে ততক্ষণ পর্যন্ত হাঙ্গেরি ইউক্রেনকে গ্যাস সরবরাহ স্থগিত রাখবে। এই সিদ্ধান্তটি দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষা, স্থির জ্বালানি দাম বজায় রাখা এবং গ্যাসের সাশ্রয়ী হারের নিশ্চয়তার জন্য নেওয়া হয়েছে।

আগেই হাঙ্গেরি সরকার সতর্ক করে জানিয়েছিল, যদি ইউক্রেন ড্রুজ্ববা পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ ব্লক করে, তবে হাঙ্গেরি ইউক্রেনকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্থগিত করতে পারে।

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত ইউক্রেন হাঙ্গেরির মাধ্যমে রাশিয়ান গ্যাস গ্রহণ করত এবং রিভার্স মোডে হাঙ্গেরির একটি পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাচ্ছিল ইউক্রেন। ২০২৫ সালে হাঙ্গেরি থেকে ইউক্রেনে সরবরাহিত মোট প্রাকৃতিক গ্যাসের পরিমাণ প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ঘনমিটার, যা ২০২২ সালের তুলনায় পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেন মোট আমদানিকৃত গ্যাসের ৪৭ শতাংশ হাঙ্গেরি থেকে আনে। এই সরবরাহ ইউক্রেনের মাসিক চাহিদার ২০–৩০ শতাংশ পূরণ করত।

হাঙ্গেরি দাবি করছে, ড্রুজ্ববা পাইপলাইন ঠিকমতো চালু আছে, কিন্তু ইউক্রেন রাজনৈতিক কারণে তেল সরবরাহ বন্ধ করছে। তাই প্রতিশোধ হিসেবে, হাঙ্গেরি ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরো ঋণ অনুমোদন বন্ধ এবং ব্রাসেলসের অন্যান্য সিদ্ধান্তে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে।

গত ১৯ মার্চ অরবান এই অবস্থানটি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠকে উপস্থাপন করেছিলেন। হাঙ্গেরি স্পষ্টভাবে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ইউক্রেন রাশিয়ান তেল ট্রানজিট পুনরায় শুরু করে না, ততক্ষণ পর্যন্ত গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হবে না।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan