মিরপুর টেস্টে রীতিমত বাংলাদেশের স্পিনারদের টেক্কা দিয়ে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল শুরু হতে যাওয়া সিলেট টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ নিজেদের করে নিবে সফরকারীরা।
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সিরিজ জিততে পারলে সেটাকে বড় অর্জন হিসেবেই দেখবেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে এটাই ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচ। স্যামির মতে, জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র শেষ করতে পারলে সেটি হবে দলের জন্য দারুণ এক সমাপ্তি।
বুধবার সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘এটি (বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়) আমাদের জন্য বড় অর্জন হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের আগে বাংলাদেশ বেশ ভালো ক্রিকেট খেলেছে। ফিল সিমন্সের কোচিংয়েও দলটি ভালো করেছে। এখানে সর্বশেষ যখন আমরা বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছিলাম, তখন আমার মনে হয় ফিলই আমাদের কোচ ছিলেন। এবারও এমন ফল নিয়ে ফিরতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রটি দারুণভাবে শেষ হবে।’
গত বছরের এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজের তিন ফরম্যাটের কোচ হিসেবে দায়িত্ব পান স্যামি। এর আগে ২০২৩ সাল থেকে ছিলেন সাদা বলের দায়িত্বে। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান টেস্ট দলের দায়িত্ব নেওয়ার শুরুর সময়টা যে সহজ ছিল না, সেটিও মনে করিয়ে দিয়েছেন স্যামি।
অস্ট্রেলিয়া, ভারতের মাটিতে সিরিজ, এরপর নিউজিল্যান্ড সফর-সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে দলকে। তবে শুরু থেকেই শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সিরিজগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখেছিলেন তারা।
স্যামি বলছিলেন, ‘দায়িত্ব নেওয়ার পর প্রথম তিন-চারটি সিরিজ আমাদের জন্য কঠিন পরীক্ষা ছিল। নতুন দল নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা, এরপর ভারতে এবং নিউজিল্যান্ডে তাদের মাঠে; আমার টেস্ট কোচিং ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। তবে ড্রেসিংরুমে আমরা আলোচনা করেছিলাম, দল যখন স্থিতিশীল হবে, তখন শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে আমরা উন্নতির জায়গা খুঁজে পাব। এখন আমরা সেই লক্ষ্য অনুযায়ী এগোচ্ছি।’
চলতি বছর কোনো টেস্ট সিরিজই হারেনি ওয়েস্ট ইন্ডিজ। সিলেট টেস্ট হারলেও সিরিজ ড্র করেই দেশে ফিরবে ক্যারিবীয়রা। এর আগে সবশেষ ১৯৯৪ ক্যালেন্ডার বছরে কোনো সিরিজ না হেরে বছর শেষ করেছিল তারা। স্যামি জানান, সিরিজ হার এড়ানোর লক্ষ্য ইতিমধ্যে পূরণ হয়েছে। তবে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়েই তারা সফরে এসেছেন।
তিনি বলেন, ‘আমরা এখানে জিততেই এসেছি। ৩২ বছর পর এই প্রথম আমরা কোনো সিরিজ না হেরে একটি ক্যালেন্ডার বছর শেষ করছি। এটিও আমাদের অগ্রগতির প্রমাণ। দলটি কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, কী চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেসব বিবেচনায় এই অর্জন গুরুত্বপূর্ণ। আমরা ২-০ ব্যবধানে সিরিজ জেতার লক্ষ্য নিয়েই এখানে এসেছি এবং নিজেদের সেই অবস্থানে নিয়ে যেতে পেরেছি।’
তবে শেষ টেস্ট যে সহজ হবে না, তা ভালো করেই জানেন ক্যারিবীয় কোচ। বাংলাদেশের কোচ ফিল সিমন্সের দল ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলেই মনে করেন তিনি। স্যামির প্রত্যাশা, নিজেদের প্রস্তুতি কাজে লাগিয়ে সেই চ্যালেঞ্জ সামলে জয় নিয়ে ফিরবে তার দল।
ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেন, ‘বাংলাদেশকে আমি চিনি, ফিলকেও (সিমন্স) চিনি। সে কীভাবে দল পরিচালনা করে, সেটাও জানা আছে। তারা মরিয়া হয়েই মাঠে নামবে। ম্যাচটি সহজ হবে না, সেটি আমরা জানি। তবে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা জানি, কীভাবে তাদের চ্যালেঞ্জ সামলে জয় তুলে নিতে হবে।’





