রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর মাহিগঞ্জ খাসবাগ এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
সাজেদুল ইসলাম শোয়েব খাসবাগ এলাকার মৃত আমানত উল্লাহ ভূইয়ার ছেলে এবং মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এদিকে, তাকে আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে পারে, মাদকের একটি বড় চালান রংপুর রেলস্টেশনের দিকে যাচ্ছে। এরপর ডিবির একটি অভিযানিক দল মহানগরের খাসবাগ এলাকায় অবস্থান নেয়। খাসবাগ থেকে রেলস্টেশনগামী পথে অভিযান চালিয়ে সন্দেহভাজন সাজেদুল ওরফে শোয়েবকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী ফেনসিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এ ঘটনার পর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন এক যৌথ বিবৃতিতে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজেদুল ইসলাম শোয়েবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।























