সিরাজগঞ্জের তাড়াশে চিহ্নিত গরু চোর হিসেবে পরিচিত ১৯ মামলার আসামি লিটন শেখকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার লিটন তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার মৃত তফের উদ্দিন শেখের ছেলে।
ওসি জানান, লিটন শেখ দীর্ঘদিন ধরে তাড়াশ ও আশপাশের উপজেলায় গরু চুরির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে। এসবের একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। পরে এক গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে পুলিশের একটি চৌকস টিম ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি আরও জানান, তাড়াশে গরু চুরি রোধে পুলিশ তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আগে থেকেই সতর্ক ছিল। সেই প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোপন সোর্সের মাধ্যমে তাকে বেশ কিছুদিন ধরেই খোঁজা হচ্ছিল। অবশেষে পুলিশের সফল চেষ্টায় গ্রেফতারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।























