নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার একটি মাদরাসায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৮৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়েছে। বর্তমানে বাকি ৩৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।
তিনি জানান, আগুনের ঘটনার পর থেকে এ পর্যন্ত মোট ৮৮ জন শিক্ষার্থীকে জরুরি চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। চিকিৎসাধীনদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৫৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৩৫ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের মধ্যে আজিজুল ইসলাম সিয়ামের শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন প্রতিটি শিক্ষার্থীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।








