বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক, ১৪৩৩

কোথায় আছেন পরীমনি, এবার কি জামিন পাবেন নাকি গ্রেফতার?

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বোট ক্লাবের ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে এ আদেশ দেওয়া হয়। আদালতের এই আদেশের পর থেকেই আলোচনায় এসেছে একটি প্রশ্ন- কোথায় আছেন পরীমনি?

এবারও কি আগেরবারের মতো আদালতে আত্মসমর্পণ করে জামিন পাবেন, নাকি গ্রেফতার হতে হবে তাকে?

শোনা যাচ্ছে, বর্তমানে দেশের বাইরে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি। যদিও তার বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি দেশে ফিরবেন কি না, কিংবা আদালতে কী পদক্ষেপ নেবেন, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

এর আগে একই মামলায় গত বছরের ২৬ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। এবারও কি সেই পথেই হাঁটবেন এই অভিনেত্রী, নাকি পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেবে- সেটিই এখন দেখার বিষয়।

এদিকে পরীমনির ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার জায়গা রয়েছে। দুই সন্তানের মা তিনি। অভিনয়জীবনের ব্যস্ততার পাশাপাশি সন্তানদের নিয়ে তার জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন এই অভিনেত্রী। নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় তার পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহলের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

নাসির উদ্দিনের অভিযোগ, সাভারের বোট ক্লাবে কথা-কাটাকাটির একপর্যায়ে পরীমনি তাকে মারধর করেন এবং তার দিকে গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এসব অভিযোগের ভিত্তিতেই মামলাটির বিচার চলছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন