বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ, ১৪৩৩

বিজিবির মৎস্য সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করলেন মহাপরিচালক

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ কর্মসূচির সফল বাস্তবায়নে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৪’ কর্মসূচির উদ্বোধন করেছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ আগস্ট) পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাড়ে তিন বছরের শাসনামলে এমন কোনো সেক্টর নাই যেখানে তিনি হাত দেননি। বঙ্গবন্ধু ১৯৭২ সালে এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন, ‘মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ’। তিনি ১৯৭৩ সালে গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি শুরু করেন।

বিজিবির মৎস্য সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করলেন মহাপরিচালক

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ জাতীয় মৎস্য সপ্তাহের এ বছরের এই প্রতিপাদ্যের কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, মাছ বিভিন্নভাবে আমাদের আমিষের চাহিদার সিংহভাগই পূরণ করে। শুধু আমিষের ঘাটতি পূরণই নয়, মাছ চাষ আয়বর্ধক কর্মসংস্থানেরও একটি অন্যতম উৎস।

বিজিবি মহাপরিচালক বিজিবির প্রতিটি সদস্যকে কর্মস্থলের পাশাপাশি প্রত্যেকের গ্রামের বাড়িতে নিজ পরিবার ও আত্মীয়-স্বজনকে মাছ চাষে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানান।

আমাদের ভুলতে বসা ‘মাছে ভাতে বাঙালি’ ঐতিহ্যকে ফিরিয়ে এনে আমিষের ঘাটতি পূরণের মাধ্যমে মেধাসম্পন্ন জাতি গঠনপূর্বক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে মৎস্য সপ্তাহ-২০২৪ সফল করার আহ্বান জানান।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan