আজারবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার অপেক্ষায় থাকা তরুণ ফুটবলারদের উন্নতমানের বুটের চাহিদা পূরণে এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সোমবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় দলের এক ফুটবলার উন্নতমানের বুটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তার কাছে সহযোগিতা চান।
সেই আবদারে তাৎক্ষণিক সাড়া দিয়ে দলের ১৪ খেলোয়াড়ের সবার জন্য পায়ের মাপ অনুযায়ী উন্নতমানের বুট কেনার ব্যবস্থা করার আশ্বাস দেন আমিনুল হক।
এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। খেলোয়াড়দের পছন্দ অনুযায়ী বুট নির্বাচন করে মোট খরচ জানাতে বলেন প্রতিমন্ত্রী। খরচের হিসাব পাওয়ার পর দ্রুত বুটের ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
বুটের ব্যবস্থা করার পাশাপাশি তরুণ ফুটবলারদের ভালো ফল অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। নিয়মিত অনুশীলন, আত্মবিশ্বাস ও দলীয় সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হলে প্রতিটি খেলোয়াড়কে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। টুর্নামেন্টে ভালো ফল নিয়ে ফিরতে পারলে সরকারের পক্ষ থেকে তরুণ ফুটবলারদের জন্য আরও বড় উপহার অপেক্ষা করছে বলেও জানান তিনি।
খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স নিয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে গোলের সুযোগ কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আমিনুল হক। তার মতে, আন্তর্জাতিক ফুটবলে অনেক সময় শেষ মুহূর্তে পাওয়া সুযোগ কাজে লাগাতে না পারায় কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হয় না। তরুণ এই দল নিজেদের সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠে প্রতিটি সুযোগকে সাফল্যে রূপ দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও দৃঢ় অঙ্গীকার নিয়ে মাঠে নামলে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জন সম্ভব বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ১৮৯টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক ফুটবল উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া কিশোরদের প্রতি পুরো দেশের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তাদের সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলার আহ্বান জানান।
এ সময় তরুণ ফুটবলারদের স্বপ্ন, প্রত্যাশা ও অনুভূতি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান আমিনুল হক। তার মতে, এসব সংবাদ তৃণমূল পর্যায়ে থাকা অসংখ্য প্রতিভাবান খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।






