শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন, ১৪৩৩

সমর্থকদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা বেলিংহাম

ইংল্যান্ডের হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ ৭ গোল করেছিলেন জুড বেলিংহাম। দারুণ এক মৌসুম কাটানোর পর ইংল্যান্ডের হয়ে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।

শুক্রবার এ তথ্য জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

১৯৬৬ সালে বিশ্বকাপের শিরোপা জেতার পর ২০২৬ বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স (তৃতীয়) করেছে ইংল্যান্ড। সেই আসরে ২৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের বিশ্বকাপের সাত গোল ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলারের জন্য বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড।

পুরস্কার জয়ের পর বেলিংহাম বলেন, ‘দারুণ লাগছে। আবারও সমর্থকদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। দেশের হয়ে খেলতে নামার সময় এসব নিয়ে ভাবা হয় না। তবে দুর্দান্ত একটি গ্রীষ্মের পর এটি নিঃসন্দেহে দারুণ একটি বাড়তি পাওয়া এবং দেশের হয়ে খেলতে পারার সম্মানকে আরও বিশেষ করে তুলেছে।’

ইংল্যান্ডের অফিশিয়াল অ্যাপে সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছেন বেলিংহাম।

বিশ্বকাপে বেলিংহামের সাত গোলের মধ্যে দুটি করে গোল ছিল মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর রোমাঞ্চকর জয় এবং মিয়ামিতে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জয়ে।

এ ছাড়া চারটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা সর্বকনিষ্ঠ ইউরোপীয় খেলোয়াড়ও হয়েছেন তিনি।

ইংল্যান্ডের কোচ থমাস টুখেল বলেছেন, বেলিংহাম শুধু ইংল্যান্ডের নয়, পুরো বিশ্বকাপেরই অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। টুখেল বলেন, ‘সে নিজের সামর্থ্যের পুরোটা মেলে ধরেছে। তার মধ্যে একজন প্রতিযোগী ও একজন দুর্দান্ত যোদ্ধার মানসিকতা দেখা গেছে। চাপের মধ্যেই সে আরও ভালো খেলে। এমন মুহূর্ত ও বড় মঞ্চ সে উপভোগ করে। আর এসব পরিস্থিতিতেই তার সেরাটা বেরিয়ে আসে।’

এদিকে অধিনায়ক হ্যারি কেইন টানা সপ্তম মৌসুমে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল করেছেন তিনি, যা ইংল্যান্ডের হয়ে তার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান।

এই অর্জনকে ‘ধারাবাহিকতার প্রদর্শন’ হিসেবে উল্লেখ করেছেন কেইন। একই সঙ্গে সতীর্থ ও কোচদের সহযোগিতার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan