শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কনটেন্ট ক্রিয়েটর সায়নীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা জানাল পুলিশ

ভারতের পশ্চিমবঙ্গের তরুণ কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোক ও আলোচনা ছড়িয়ে পড়ে অনুরাগীদের মাঝে।

হুগলির মগরার বাসিন্দা সায়নী সম্প্রতি আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছিলেন। মা মলি চক্রবর্তীর সঙ্গে নিয়মিত ভিডিও বানাতেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নানা ভিডিও বেশ জনপ্রিয় ছিল। বিশেষ করে পোষ্যপ্রেমী হিসেবেও পরিচিত ছিলেন সায়নী। মৃত্যুর একদিন আগেও নিজের পোষ্য গরু ‘সুন্দরী’কে নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে সায়নীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মগরা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই তরুণী। ত্রিবেণীর এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল বলেও জানা গেছে। সেই সম্পর্কের জটিলতা থেকেই তিনি চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। যদিও তারা অভিযোগ করবেন বলে পুলিশকে জানিয়েছেন। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

সায়নীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার অনুরাগী ও পরিচিতজনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার স্মৃতিচারণ করে পোস্ট দিচ্ছেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan