রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক, ১৪৩৩

কারা কর্মকর্তার আপিল নাকচ, দুই বছরের গুরুদণ্ড বহাল

কাশিমপুর কারাগার-২-এর ডেপুটি জেলার মো. আব্দুল্ল্যাহেল আল-আমিনের (কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার) দুই বছরের জন্য নিম্নপদে অবনমিতকরণের গুরুদণ্ড বহাল রাখা হয়েছে। তার করা আপিল আবেদন নাকচ করে এ দণ্ড বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করেন।প্রজ্ঞাপনে বলা হয়, মো. আব্দুল্ল্যাহেল আল-আমিনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। ওই মামলায় তাকে দুই বছরের জন্য নিম্নপদে অবনমিতকরণের গুরুদণ্ড দেওয়া হয়।

এ দণ্ডাদেশ মওকুফের জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আপিল করেন। আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের দফাওয়ারি জবাব ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয় পর্যালোচনা করে আরোপিত দণ্ড যথার্থ ও ন্যায়সংগত বলে বিবেচিত হওয়ায় প্রধানমন্ত্রী তার আপিল আবেদন নাকচ করে দণ্ড বহাল রাখেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আপিল আবেদন নাকচ হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৩ শাখার ১২ এপ্রিল তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে আরোপিত দুই বছরের জন্য নিম্নপদে অবনমিতকরণের গুরুদণ্ড বহাল রাখা হলো।আব্দুল্ল্যাহেল আল-আমিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ডেপুটি জেলার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan