ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চার দিন পর মারা গেছেন তিন সন্তানের জননী ইখতারা সরকার (৩০)।
বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইখতারা আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে। তার স্বামী জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর মিয়া ঘটনার পর থেকেই পলাতক।
পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীর প্রায় এক বছর ধরে মাদকাসক্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। স্ত্রীকে মারধরও করতেন তিনি। দেড় মাস আগে স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়ি আশ্রয় নেন ইখতারা।
স্বজনদের ভাষ্য, ঘটনার আগের দিন শুক্রবার (৩০ অক্টোবর) ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়ি আসেন জাহাঙ্গীর। এসময় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরদিন ভোরে ইখতারার মা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে সেই সুযোগে ঘরে প্রবেশ করেন জাহাঙ্গীর। এসময় ঘুমন্ত ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
আগুনে ইখতারার গলা, কণ্ঠনালীসহ শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। প্রথমে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও অবস্থার অবনতি হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।









