দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। এর কয়েক মিনিট পর নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ একসঙ্গে আসেন। এসময় আমন্ত্রিত অতিথিরা দাঁড়িয়ে সম্মান জানান।
পরে মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতির অনুমতি নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের। সেই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
এরপর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। শপথের আনুষ্ঠানিকতা শেষে সাক্ষর করে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল নতুন মন্ত্রী হিসেবে ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরির শপথবাক্য পাঠ করান। এরপর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও শামীম কায়সার লিংকন।
এর আগে, আজ জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।
জাতীয় সংসদে দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। সাদা কাগজে কালো কালিতে ছাপা ব্যালট পেপারে ভোট দেন ভোটাররা। সংসদ অধিবেশন কক্ষে তিনটি নির্ধারিত ব্যালট বাক্সে ভোট দেন তারা।
ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে জয়ী হন মির্জা ফখরুল। তিনি ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। একই দিন রাত দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।






















