মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র, ১৪৩৩

এআই প্রযুক্তির সাহায্যে ইংল্যান্ডের দল নির্বাচন!

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের ব্যবহারের ক্ষেত্র বাড়ছে ধীরে ধীরে। এবার ইংল্যান্ড নারী ক্রিকেট দলের কোচ জন লুইস এআই প্রযুক্তির সাহায্যে বাছাই করলেন তার দলের খেলোয়াড়দের। শুক্রবার এ তথ্য জানিয়েছেন তিনি। প্রথমবার লুইস এই প্রযুক্তি ব্যবহার করেছিলেন নারী আইপিএলে।

লুইসকে এই প্রযুক্তি ব্যবহারের জন্য সাহায্য করছে একটি সংস্থা। তিনি বলেন, ‘একটি ম্যাচের জন্য প্রায় আড়াই লক্ষ রকমের দল বাছতে পারে এই প্রযুক্তি। আগে দেখে নিই কোন দলের বিরুদ্ধে খেলা। এরপর আমার কী প্রয়োজন তা ওই প্রযুক্তিকে জানিয়ে দিই। ভারতে নারী আইপিএলে ইউপি ওয়ারির্সকে প্রশিক্ষণ দেওয়ার সময় এই প্রযুক্তির কথা জানতে পারি। আমার মনে হয়েছিল যে ইংল্যান্ড দলের ক্ষেত্রেও এই প্রযুক্তি উপযোগী।’

ক্রিকেটে দল বাছাই করার জন্য নির্বাচকরা থাকেন। ম্যাচের জন্য প্রথম একাদশ বেছে নেন কোচ, অধিনায়করা। সে সব কাজ এখন করে দিচ্ছে প্রযুক্তি। লুইস বলেন, ‘প্রযুক্তি আমাকে একটা পরিষ্কার ছবি দিচ্ছে। সেখানে আমি জানতে পারছি আগে কেমন দল গড়া হত, প্রযুক্তির সাহায্যে কোথায় বেশি লাভ হচ্ছে। এর ফলে দল বাছাই করার ক্ষেত্রে খুব সুক্ষ্ম সিদ্ধান্ত নিতে পারছি।’

লুইস জানিয়েছেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেয়েদের অ্যাশেজে এই পদ্ধতিতে দল বেছে নেওয়ায় সুবিধা হয়েছে ইংল্যান্ডের। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। আমরা প্রযুক্তির সাহায্যে ওদের শক্তি অনুযায়ী দল বেছে নিয়েছিলাম। সেটা আমাদের খুব কাজে লেগেছিল। সিরিজ ড্র করতে পেরেছিলাম। টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিলাম আমরা।’

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan